
আন্তর্জাতিক ডেস্কঃ অবরুদ্ধ কৃষ্ণ সাগর দিয়ে শস্য রপ্তানি পুনরায় শুরু করতে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেন- রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে। শস্য রপ্তানি নিয়ে বুধবার( ১৩ জুলাই) হওয়া এই আলোচনায় দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মধ্যস্থতাকারী তুরস্ক নিশ্চিত করেছে, আগামী সপ্তাহেই এ নিয়ে আবারও আলোচনা হবে । জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৈঠকের পর বলেছেন যে শস্য রপ্তানির অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা বিশ্বব্যাপী মানুষকে আশার আলো দেখাচ্ছে। শান্তি আলোচনার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে গুতেরেস বলেন, এই আলোচনা হওয়ার আগে এখনও অনেক পথ যেতে হবে। এদিকে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর একটি বিবৃতিতে জানিয়েছেন, আগামী সপ্তাহে শস্য রপ্তানির বিষয়ে একটি চুক্তি হতে পারে। তবে এ নিয়ে এখনো রাশিয়া বা ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। জাতিসংঘ বলছে, ইউক্রেনের ওডেসা বন্দরেই আটকা পড়ে আছে ২ কোটি টনের বেশি শস্য।