
আন্তর্জাতিক ডেস্কঃ রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় বুধবার (১৩ জুলাই) সরকারবিরোধী বিক্ষোভে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৪ জন। কলম্বো ন্যাশনাল হাসপাতালের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুলিশের নিক্ষেপ করা কাঁদানে গ্যাসের কারণে শ্বাসকষ্টে মারা যান ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারী।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ আরও জোরদার হয়। এদিকে শ্রীলঙ্কায় জনশৃঙ্খলা বজায় রাখতে কারফিউ জারি করা হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এই কারফিউ জারির ঘোষণা দিয়েছেন। শুক্রবার ভোর ৫টা পর্যন্ত এ কারফিউ চলবে।