
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব সফরে গিয়ে দেশটির ডি-ফ্যাক্টো শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে বসেন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তাদের মধ্যে তুরস্কে হত্যাকাণ্ডের শিকার সৌদি সাংবাদিক জামাল খাশোগির ব্যাপারে কথা হয়। বাইডেন নিজেই এ তথ্য জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদির বন্দর নগরী জেদ্দায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানসহ ঊর্ধ্বতন সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে জামাল খাশোগি হত্যার বিষয়টি তুলে ধরেন বাইডেন। এ সময় তিনি সৌদির মানবাধিকার ও রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেন। বৈঠকের পর এক প্রেস ব্রিফিংয়ে বাইডেন বলেন, আমি তাদের স্পষ্ট করে দিয়েছি যে মানবাধিকারের বিষয়টি আমার ও যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে আমি খাশোগি হত্যার বিষয়টি উত্থাপন করেছি। আমি আগেও বিষয়টি নিয়ে ভেবেছিলাম। এখন পরিষ্কার করে দিয়েছি, বিষয়টি নিয়ে আমি কী ভাবছি। তিনি আরও বলেন, একজন মার্কিন প্রেসিডেন্ট মানবাধিকারের ইস্যুতে নীরব থাকতে পারেন না।