
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট পদের জন্য দেশটির সংসদে আজ অনুষ্ঠিত হবে ভোট গ্রহন। এই নির্বাচনকে সামনে রেখে যেকোন ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা গ্রহন করেছে দেশটির সরকার। দেশটির সদ্য বিদায়ী প্রেসিডেন্ট গোতারায়া রাজাপক্ষ জনরোষের আঁচ থেকে বাঁচতে প্রথমে নিজের বাসভবন আর তার পরে দেশ ছেড়েই পালিয়ে যাওয়ার কারনে দেশটির পার্লামেন্ট রাষ্ট্রপতি নির্বাচনের এই উদ্যোগ নিয়েছে। পরিজনসহ পালিয়ে যাওয়ার পর প্রবাস থেকে গত দিন কয়েক আগে পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন গোতাবায়া । আজ তাঁর জায়গায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদে কে বসবেন, তার জন্যই গোপনে ভোট দেবেন দেশটির পার্লামেন্টের সদস্যেরা।
ইতিমধ্যেই চরম অর্থনৈতিক সঙ্কটে ধুঁকতে থাকা এই দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা দেশে জরুরি অবস্থায় জারি করেছেন কার্যনির্বাহী প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে। বর্তমানে রনিল একাধারে দেশের প্রধানমন্ত্রী আবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীও। কিন্তু বিক্রমসিঙ্ঘের প্রার্থীপদ নিয়ে চরম অসন্তুষ্ট দেশের সাধারণ মানুষ। তারা দেশটির রাজধানীসহ বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রেখেছে। তাই আজকের নির্বাচনের আগেই তাই বড় ধরনের গোলমালের আশঙ্কা করছে এই দ্বীপরাষ্ট্রের সরকার।
বিক্ষোভকারীদের দাবি, গোতাবায়ার মনোনীত বিক্রমসিঙ্ঘেকে কোনও মতেই দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে তাঁরা মেনে নেবেন না। বস্তুত ৭৩ বছরের বিক্রমসিঙ্ঘেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করেছে গোতাবায়ারই দল, এসএলপিপি। এর আগে বহু বার দেশের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন বিক্রমসিঙ্ঘে। কিন্তু দু’বার প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়ে হেরে যান। দেশে প্রেসিডেন্টের ক্ষমতা সব চেয়ে বেশি। তার পরেই রয়েছেন প্রধানমন্ত্রী। বিরোধীদের অভিযোগ, সেই কারণে প্রেসিডেন্টের গদিতে বসার জন্য আগে থেকেই মুখিয়ে ছিলেন বিক্রমসিঙ্ঘে। বিক্ষোভকারীরাও তাই তাঁকে আদৌ পছন্দ করছেন না
মারাত্মক বিশৃঙ্খল ও আর্থিক সংকটে থাকা এই দ্বীপরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য লড়াই হবে তিন প্রার্থীর মধ্যে। বিক্রমসিঙ্ঘের মূল প্রতিদ্বন্দ্বী এসএলপিপির-ই বিদ্রোহী সদস্য ডালাস আলাহাপ্পেরুমা। শাসকদলের বিক্ষুব্ধ অংশের নেতাদের সমর্থন রয়েছে প্রাক্তন এই সাংবাদিকের পিছনে। শেষ মুহূর্তে প্রেসিডেন্টের দৌড় থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দেশের প্রধান বিরোধী দল এসজেবি-র নেতা সাজিথ প্রেমদাসা। আর নির্বাচন থেকে সরে দাড়িয়ে ট্যুইট করে আলাহাপ্পেরুমাকে তাঁর দল সমর্থন করবে বলেও জানিয়ে দিয়েছেন প্রেমদাসা। তৃতীয় প্রার্থী হলেন বামপন্থী নেতা আনুরা কুমার দিসানায়েক। বাকি দুই প্রার্থীর থেকে প্রচারের আলো অবশ্য তিনি বরাবরই কম পেয়েছেন।
দেশের জনগণ যে তাঁকে চাইছেন না, তা অবশ্য ভাল ভাবেই জানেন বিক্রমসিঙ্ঘে। তবে দ্বীপরাষ্ট্রের এই নজিরবিহীন আর্থিক সঙ্কটের জন্য গোতাবায়া ও তাঁর পরিচালিত সরকারকেই দায়ী করেছেন তিনি। একটি প্রথম সারির আমেরিকান চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, শ্রীলঙ্কার আর্থিক পরিস্থিতি দেশের মানুষের কাছে দীর্ঘদিন লুকিয়ে রেখেছিল রাজাপক্ষে সরকার। আপাতত তিনি প্রেসিডেন্ট হলে চলতি বছরের মধ্যে দেশে আর্থিক স্থিতিশীলতা ফেরানোর উপরে জোর দেবেন বলে জানিয়েছেন। আগামী বছরের শেষে দেশ যাতে আর্থিক অগ্রগতির মুখ দেখতে পারে, সেই ব্যবস্থাও তিনি করবেন বলে আশ্বাস দিয়েছেন বিক্রমসিঙ্ঘে।