
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহে। ছয়বারের প্রধানমন্ত্রী বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন শ্রীলঙ্কার সংসদ সদস্যরা। তবে এর মধ্য দিয়ে সংকট-বিধ্বস্ত দেশটিতে নতুন আরও বিক্ষোভ শুরু হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। বুধবারের (২০ জুলাই) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে মোট ২১৯ ভোটের মধ্যে বিক্রমাসিংহে ১৩৪ ভোট পেয়েছেন এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী দুল্লাস আলাহাপ্পেরুমা পেয়েছেন ৮২ ভোট। আর বামপন্থি নেতা অনুরা দেশনায়েক শুধু নিজের দল থেকে ৩ ভোট পেয়েছেন। এদিকে এ জয়ের পর পার্লামেন্টে দেয়া ভাষণে ‘এগিয়ে যাওয়ার পথে যাত্রা’ শুরু করার জন্য ঐক্যের আহ্বান জানিয়েছেন শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট বিক্রমাসিংহে।
ছয়বারের এ প্রধানমন্ত্রী দেশের সংকট মোকাবিলায় অন্যান্য প্রার্থীদের পাশাপাশি বিরোধী দলকেও একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অর্থনৈতিকভাবে দেশের অবস্থা কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না। এগিয়ে যাওয়ার জন্য আমাদের নতুন কর্মসূচি গ্রহণ করতে হবে। এখন আমি সবাইকে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আলোচনা করতে একত্র হওয়ার জন্য অনুরোধ করছি।’ বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার ভাগ্য অনেকটাই নির্ধারণ হয়ে গেল।
খবরঃ আল-জাজিরার