
আন্তর্জাতিক ডেস্কঃ গোটা বিশ্বকে খাদ্য সংকট থেকে বাঁচাতে ইউক্রেনের শস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরের বন্দরগুলো খুলে দিতে চুক্তি সই করেছে রাশিয়া ও ইউক্রেন। চুক্তি অনুযায়ী শনিবার (২৩ জুলাই) থেকেই জাহাজ চলাচল শুরু হবে।শুক্রবার (২২ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ইস্তাম্বুলে ঐতিহাসিক এ চুক্তি সই করে দুই দেশের প্রতিনিধি দল।
রাশিয়ার হয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী শোইগু এবং ইউক্রেনের হয়ে দেশটির অবকাঠামো বিষয়ক মন্ত্রী ওলেকসান্দার কুবরাকভ সেই চুক্তিতে সই করেছেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।চুক্তি অনুযায়ী পণ্যবাহী জাহাজ যাত্রা শুরুর আগে ইউক্রেনীয় বন্দরগুলোতে শস্য ভর্তির কাজ নিরীক্ষণ করবে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘ। জাহাজগুলো কৃষ্ণসাগর অতিক্রম করে তুরস্কের বসফরাস প্রণালির দিকে যাবে।