News71.com
 International
 25 Jul 22, 12:21 PM
 1271           
 0
 25 Jul 22, 12:21 PM

ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু।।

ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন দ্রৌপদী মুর্মু।।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন দ্রৌপদী মুর্মু। সোমবার (২৫ জুলাই) সকাল সোয়া ১০টায় ভারতীয় পার্লামেন্টের সেন্ট্রাল হলে শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। দ্রৌপদী মুর্মুকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমানা। সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শপথ গ্রহণের পর নতুন রাষ্ট্রপতিকে গান স্যালুট দেয়া হবে। এর পর সেন্ট্রাল হলে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দ্রৌপদী মুর্মু। এ সময় বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, লোকসভার স্পিকার ওম বিড়লাসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্য উপস্থিত থাকবেন। শপথ অনুষ্ঠানে মুর্মুর পরিবারের চার সদস্য উপস্থিত থাকবেন বলেও জানা গেছে। 

এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) পার্লামেন্টের ভোটে বিরোধী দলীয় প্রার্থী যশবন্ত সিনহাকে পরাজিত করে বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশটির প্রথম কোনো আদিবাসী ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন দ্রৌপদী মুর্মু। পরাজয় মেনে নিয়ে মুর্মুকে অভিনন্দন জানান যশবন্ত সিনহা।  ১৯৫৮ সালের ২০ জুন ওড়িশার একটি আদিবাসী পরিবারে জন্ম দ্রৌপদীর। এরপর রমা দেবী মহিলা কলেজ থেকে স্নাতক পাস করেন তিনি। চাকরিজীবন শুরু ওড়িশার সচিবালয় থেকে। তবে পুরোদস্তুর রাজনীতি জীবন শুরু ১৯৯৭ সালে। ওই বছরই পৌরসভা নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।  এর তিন বছর পর রাজ্য বিধানসভায় নির্বাচিত হন ওড়িশার ময়ূরগঞ্জ জেলার বাসিন্দা দ্রৌপদী মুর্মু। রায়রাংপুর বিধানসভা কেন্দ্র থেকে দুই দফায় বিজেপির বিধায়ক হয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন