
নিউজ ডেস্কঃ জাপানের দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বর্তমানে ওই আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ব্যাপক ধোঁয়া, ছাই ও পাথর বেরিয়ে আসতে দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে জাপান সরকার ঐ এলাকায় সর্বোচ্চ সতর্ক সংকেত জারি করেছে। একই সঙ্গে ওই এলাকার সব বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর দিয়েছে আল-জাজিরা। জাপানি আবহাওয়া সংস্থা (জেএমএ) এর বরাত দিয়ে প্রচারিত ঐ প্রতিবেদনে বলা হয়েছে , অগ্ন্যুৎপাত শুরু হওয়া আগ্নেয়গিরিটির নাম সাকুরাজিমা। এটি অতি সক্রিয় একটি আগ্নেয়গিরি। ১৯৫৫ সাল থেকে এ আগ্নেয়গিরিটির গতিবিধিতে সতর্ক নজর রাখে জাপান সরকার।
জাপান সরকারের তথ্যানুযায়ী, ১৯৬০ সাল থেকে সাকুরাজিমা আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হতে দেখা যাচ্ছে। প্রতি বছরই কয়েক দফা এ আগ্নেয়গিরি অগ্ন্যুৎপাত করে। এসময় আগ্নেয়গিরির মুখ থেকে কয়েক কিলোমিটার উঁচুতে পাথর ও ছাই ছড়াতে দেখা যায়। আবহাওয়া সংস্থার তথ্যমতে, সাকুরাজিমা দেশটির কাগোশিমা শহরের কাছে কিউশু দ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত। স্থানীয় সময় রবিবার (২৪ জুলাই) ৮টা ৫ মিনিটে এ আগ্নেয়গিরিটি জেগে উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে প্রায় আড়াই কিলোমিটার ওপরে পাথর নিক্ষিপ্ত হতে শুরু করে। জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে-তে প্রকাশিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, গিরির জ্বালামুখে আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। সেখান থেকে আগুনের ঝলকানি চারদিকে ছড়িয়ে পড়ছে। এতে আশপাশের তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে গেছে।