
আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের সাবেক শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী গ্রেফতারির পর শাসক দলের বিরুদ্ধে ক্রমশ সুর চড়াচ্ছে বিজেপি। সেই আবহেই এবার বিস্ফোরক দাবি করলেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বুধবার (২৭ জুলাই) কলকাতায় এসেছেন মিঠুন। কলকাতার হেস্টিংসের বিজেপির কার্যালয় থেকে এদিন সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি জানান, তৃণমূল কংগ্রেসের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছে।
সাংবাদিকদের অভিনেতা বলেন, আপনাদের একটি ব্রেকিং নিউজ দিই। এই মুহূর্তে ৩৮ জন তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন। তারমধ্যে ২১ জন ডিরেক্টলি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। কোনদিন সকালে দেখবেন সরকারটা (পশ্চিমবঙ্গের শাসক দল) পরে গেছে। অপরদিকে বুধবারই একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, ২০২৪-এ কোনওভাবেই বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসবে না। এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী বলে দাবি করেছেন। তবে তিনি জানিয়েছেন, কী অঙ্ক, কী পরিসংখ্যান, সেই হিসেব তার জানা নেই। শুধু এটুকু জানেন বিজেপি ক্ষমতায় আসবে না।