News71.com
 International
 29 Jul 22, 11:02 PM
 755           
 0
 29 Jul 22, 11:02 PM

ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীর হামলা॥

ইরাকের পার্লামেন্টে বিক্ষোভকারীর হামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের পার্লামেন্টে হামলা চালিয়েছে শত শত বিক্ষোভকারী। বুধবার দেশটির রাজধানী বাগদাদের গ্রীন জোনে অবস্থিত ওই পার্লামেন্ট ভবনে হামলার এই ঘটনা ঘটে। হামলাকারীদের অধিকাংশই ইরাকী শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী। প্রধানমন্ত্রীর পদে ইরান-সমর্থিত দলগুলোর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় বাগদাদে পার্লামেন্ট ভবনে হামলার এই ঘটনা ঘটে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদের সময় পার্লামেন্ট ভবনে হামলা চালানো শত শত বিক্ষোভকারীদের অধিকাংশই ইরাকী শিয়া নেতা মুকতাদা আল-সদরের অনুসারী।

পার্লামেন্ট ভবনটি বাগদাদের সুরক্ষিত এলাকা বলে পরিচিত গ্রীন জোনে অবস্থিত। বুধবার বিক্ষোভকারীরা যখন সরকারী ভবন ও কূটনৈতিক মিশনের আবাসস্থল রাজধানীর উচ্চ-নিরাপত্তা বলয় হিসেবে পরিচিত গ্রীন জোনে প্রবেশ করে, তখন পার্লামেন্টে কোন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না। এ সময় শুধুমাত্র নিরাপত্তা বাহিনী ভবনের ভেতরে থাকলেও তারা বিক্ষোভকারীদের তুলনামূলক স্বাচ্ছন্দ্যেই সেখানে প্রবেশ করতে দেয়।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রধানমন্ত্রীর পদে ইরান-সমর্থিত দলগুলোর মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ শিয়া আল-সুদানি। তিনি ইরাকের সাবেক একজন মন্ত্রী এবং সাবেক প্রাদেশিক গবর্নর। তবে, বিক্ষোভকারীরা মোহাম্মদ শিয়া আল-সুদানির এই প্রার্থিতার বিরোধিতা করছেন। এদিকে, পার্লামেন্ট ভবনে হামলার পর বিক্ষোভকারীদের গ্রীন জোন থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি।এক বিবৃতিতে তিনি সতর্ক করে বলেছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং বিদেশী মিশনগুলোর সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার যে কোন ক্ষতি রোধ করবে নিরাপত্তা বাহিনী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন