
আন্তর্জাতিক ডেস্কঃ আপাতত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে না রাশিয়া। ফলে এই মুহুর্তে নাসার সঙ্গেও সম্পর্ক ত্যাগ করছে না তারা । যদিও গত মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট পুতিনকে মস্কো স্পেস এজেন্সি তথা রসকসমসের প্রধান ইউরি বরিসভ জানিয়েছিল তারা ২০২৪ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে এব নাসার সাথে সম্পর্কও ছিন্ন করবে । ইউরি বরিসবের এই মন্তব্যের পরেই বিতর্কের সূচনা হয় রসকসমসের আধিকারিকদের মধ্যে। তার পরে, বুধবার সেই বিবৃতির একটু পরিমার্জনা করে রসকসমসের তরফে জানানো হল যতদিন না রাশিয়া নিজস্ব ‘অরবিটাল আউটপোস্ট’ তৈরি করছে, ততদিন আইএসএসে থাকা নিজেদের কসমোনটদের তথা মহাকাশচারীদের সরাবে না তারা। ফলে, নাসা ও রসকসমসের দুই দশকেরও বেশি সময়ের চুক্তি চিরতরে শেষ হতে হতে ২০২৮ সাল হয়ে যাবে, এমনটাই ধারণা বিশেষজ্ঞদের একাংশের।
রসকসমসের এক সিনিয়র কর্মকর্তার দেওয়া একটি বিবৃতিত বলা হয়েছে, নিজেদের অরবিটাল আউটপোস্ট বা স্পেস স্টেশন তৈরি করতে রাশিয়ার এখনও ছ’বছর বাকি। স্পেস স্টেশনটির নাম রস। নাসার মহাকাশ অভিযানের মুখপাত্র ক্যাথি লিডারস বুধবার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০২৪ সালের পরেই নাসার সঙ্গে সম্পর্ক ত্যাগের কোনও ইঙ্গিত রসকসমসের তরফে এখনও দেওয়া হয়নি। কাজকর্ম যেমন চলার তেমনই চলছে। অন্তত রস চালু না হওয়া পর্যন্ত রাশিয়া আইএসএস থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে না, এমনটাই ধারণা তাঁর। রুশ মহাকাশচারী ও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের রুশ নিয়ন্ত্রিত অংশের ফ্লাইট ডিরেক্টর ভ্লাদিমির সোলোভিয়োভের একটি ভিডিয়ো সাক্ষাৎকারে জানিয়েছেন রস স্টেশনটি যথাযথ ভাবে চালু না হওয়া পর্যন্ত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ত্যাগ করা উচিত হবে না রাশিয়ার। তাঁর ধারণা, ২০২৮ সালের মধ্যে সম্পূর্ন রূপে তৈরি হয়ে যাবে রাশিয়ার নিজস্ব মহাকাশ স্টেশন।