
আন্তর্জাতিক ডেস্কঃ সুব্রত মুখোপাধ্যায় ও সাধন পাণ্ডের মৃত্যু এবং পার্থ চট্টোপাধ্যায়ের জেলে যাওয়ার পর এবার পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় রড় ধরনের রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরিয়ে দেওয়া হচ্ছে আরও ৪-৫ জন মন্ত্রীকে। পাশাপাশি মন্ত্রিসভায় আনা হচ্ছে ৫-৬ জন নতুন মুখ। সেই দলে কারা রয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে আগামী বুধবার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (১ আগস্ট) রাজ্যের প্রশাসনিক ভবন নবান্ন থেকে মমতা বলেছেন, আমাদের মন্ত্রিসভায় একটা পরিবর্তন হবে। সাধন পাণ্ডে, সুব্রত মুখোপাধ্যায় মারা গিয়েছেন। পার্থদা জেলে আছেন। অনেকগুলো দফতর ফাঁকা পড়ে আছে। ওই দপ্তরগুলোর কাজ কে করবেন? আমার পক্ষে সবটা একা করা সম্ভব নয়। ভাগাভাগি করে করতে হবে। তাই আগামী বুধবার বিকেল চারটার সময় রদবদল হবে। ৪-৫ জনকে দলের কাজে লাগাব। তাই তাঁদের মন্ত্রিসভা থেকে সরানো হবে। আর ৫-৬ জন নতুন মুখ আনা হবে মন্ত্রিসভায়। বর্তমান মন্ত্রিসভার কাদের ওপর কোপ পড়তে চলেছে, তা নিয়ে পশ্চিমবঙ্গে আলোচনা শুরু হয়েছে। তবে বাদ পড়াদের নাম জানাননি মুখ্যমন্ত্রী। পাশাপাশি কারা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে চলেছেন, তা নিয়েও স্পষ্ট করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডের পর নড়েচড়ে বসেছে মমতার সরকার।