
আন্তর্জাতিক ডেস্কঃ এক সফর নিয়ে নানা হুমকি-ধমকি-উত্তেজনার মধ্যে তাইওয়ান পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। মঙ্গলবার (জুলাই) স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে ন্যান্সিকে বহনকারী প্লেনটি সোংশান বিমানবন্দরে অবতরণ করে। তাইওয়ানের গণমাধ্যম ইউনাইটেড ডেইলি তাইওয়ান’র খবরে বলা হয়েছে, ন্যান্সি পেলোসি বিমানবন্দরে নামার পর আলোকচিত্রীরা ঐতিহাসিক মুহূর্তের ছবি তোলেন। মন্ত্রী উ ঝাওক্সি তাকে নিতে বিমানবন্দরে আসেন।
মার্কিন স্পিকারকে ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হবে। আগামীকাল সকালে একটি ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার কথা রয়েছে পেলোসির। সকাল ৯টায় তিনি আইনসভা ইউয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে মালয়েশিয়া সফর করেন ন্যান্সি পেলোসি। সেখান থেকে বিকেল সাড়ে তিনটায় তাইওয়ানের উদ্দেশে যাত্রা করেন তিনি। বিতর্কিত দক্ষিণ চীন সাগরের পথ এড়িয়ে মালয়েশিয়া থেকে তাইওয়ান যেতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছে তার। কিন্তু স্বাভাবিক পথ দুই ঘণ্টার বেশি। তার এ সফর চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বড় সঙ্কট সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।