
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে ৫০০ কোটি মার্কিন ডলারেরও বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার ( ০২ আগস্ট) দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি সৌদি আরবে সফরে যান এবং সেখানে দুই দেশের নেতাদের সঙ্গে সাক্ষাতের দুই সপ্তাহ পর অস্ত্র বিক্রির এই অনুমোদন ঘোষণা করল ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩০৫ কোটি ডলার ব্যয়ে ৩০০টি প্যাট্রিয়ট এমআইএম-১০৪ই মিসাইল সিস্টেম কিনবে সৌদি আরব। এই মিসাইল সিস্টেমের মাধ্যমে ধেয়ে আসা দূরপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা যাবে।
একইসঙ্গে শত্রুপক্ষের আক্রমণকারী যুদ্ধবিমানও ভূপাতিত করতে পারে এই মিসাইল সিস্টেমটি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হুতি বিদ্রোহীদের আন্তঃসীমান্ত মানবহীন বিমান ব্যবস্থার মাধ্যমে হামলার শিকার হওয়ার হুমকিতে রয়েছে সৌদি আরব। আর তাই সৌদি আরবের বেসামরিক বিভিন্ন স্থাপনা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রুখতে এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহৃত হবে।