
নিউজ ডেস্কঃ তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করায় তাইওয়ানের ৭ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। গতকাল মঙ্গলবার (১৬ আগস্ট) কমিউনিস্ট শাসিত দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানিয়েছে। তাইওয়ানের যে সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন সিয়াও বি খিম ও ওয়েলিংটন কু। সিয়াও বি খিম ওয়াশিংটনে নিযুক্ত তাইওয়ানের দূত। আর ওয়েলিংটন কু তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব। এছাড়া তাইওয়ানের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির রাজনীতিবিদদের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা চীন, হংকং ও ম্যাকাউ সফর করতে পারবেন না। তাদের সঙ্গে সম্পর্কিত ফার্ম ও বিনিয়োগকারীদের চীনে মুনাফা করতে দেওয়া হবে না।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে চীন। তবে বরাবরই চীনের এই দাবি নাকচ করে আসছে তাইওয়ান। তারা নিজেদের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে। চীনের হুমকি-ধমকি উপেক্ষা করেই চলচি মাসের শুরুতে তাইওয়ান সফর করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসি। তার সফর ঘিরে অঞ্চলটিতে তীব্র উত্তেজনা দেখা দেয়। তাইওয়ানের চারপাশে কয়েক দিন ধরে বড় ধরনের সামরিক মহড়া চালায় চীন। জবাবে যুক্তরাষ্ট্রও নেয় সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা । আর সেই থেকেই এই অন্চলে চলছে উত্তেজনাকর পরিস্থিতি। আর এই চলমান উত্তেজনার মধ্যে তাইওয়ানের সাত কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা দিল চীন।