
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২৫ বছরের মধ্যে ভারত উন্নত ও সমৃদ্ধশালী দেশ হওয়ার লক্ষ্য নিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত সোমবার দেশটির ৭৬তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিল্লীর লাল কেল্লায় দেশী-বিদেশী অতিথিবৃন্দের সামনে দেয়া ভাষণে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের এ& ভাসনে প্রধানমন্ত্রী মোদী বলেন এই সময়ের মধ্যেই ভারত জ্বালানি, প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি খাতে দেশীয় উৎপাদন বাড়ানোর নীতি বাস্তবায়নের মধ্য দিয়ে এ লক্ষ্য অর্জন করবে দেশটি। আর এ কাজে মোদি ভারতীয় তরুণদের ‘বড় লক্ষ্য’ নির্ধারণ করার ও তাদের সেরা সময়গুলো দেশকে দেয়ার আহ্বান জানিয়েছেন।
হিন্দীতে দেয়া প্রায় দেড় ঘন্টার ভাষণে দেশটির ৭১ বছর বয়সী প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের আগামী ২৫ বছরের মধ্যে, আমাদের জীবৎকালের মধ্যেই ভারতকে একটি উন্নত দেশে পরিণত করতে হবে। এটি একটি বড় সংকল্প, আর আমাদের সর্বশক্তি দিয়ে এর জন্য কাজ করা উচিত।’ মোদি বলেন, ‘২০৪৭ সালের জন্য পাঁচটি অঙ্গীকার হলো- ভারতকে উন্নত করা, দাসত্ব বা অন্যদের খুশি করার জন্য অত্যধিক ইচ্ছার যে কোন চিহ্ন মুছে ফেলা, ঐতিহ্যের প্রতি গর্ব, একতা এবং (নাগরিক হিসেবে) নিজেদের দায়িত্ব পালন করা।’
মোদি বলেন, ‘পঞ্চপ্রাণ সংকল্প পূরণের সময় এসেছে। আগামী ২৫ বছরে ৫টি বড় সংকল্প পূরণ করতে হবে। এই কাজে সাহায্য করতে এগিয়ে আসতে হবে যুব সমাজকে। বহু সংগ্রামের পর স্বাধীনতা অর্জন করেছে দেশ। স্বাধীনতা সংগ্রাম ও বিপ্লবীদের আত্মত্যাগ বিফলে যেতে দেয়া যাবে না। আমাদের বীর বিল্পবীদের স্বপ্ন পূরণ করতেই হবে।’ বর্তমানে ভারতকে নিন্মমধ্য আয়ের অর্থনীতি হিসেবে শ্রেণীভুক্ত করেছে বিশ্ব ব্যাংক। যে সব দেশের নাগরিকদের বাৎসরিক গড় মাথাপিছু জাতীয় আয়ের ১০৮৬ ডলার থেকে ৪২৫৫ ডলারের মধ্যে তাদের এই শ্রেণীতে রাখে তারা। যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোর মাথাপিছু আয় ১৩২০৫ ডলার বা তারও বেশি।