
নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন বিজেপি সরকার ত্রিপুরায় শিল্পবান্ধব নীতি প্রণয়ন করেছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। শনিবার (২০ আগস্ট) বোধজংনগর ইন্ডাস্ট্রিয়েল কমপ্লেক্সের মালিক পক্ষের নানা সুবিধা-অসুবিধার কথা শুনতে গিয়ে তথ্য জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আত্মনির্ভর ত্রিপুরা ও আত্মনির্ভর ভারত গড়তে হলে উৎপাদিত পণ্যের রফতানি বাড়াতে হবে। আগের তুলনায় বর্তমান সরকারের সময় ত্রিপুরা রাজ্যে উৎপাদিত পণ্য সামগ্রীর রফতানি অনেক বেড়েছে।
রাজ্য সরকার ‘ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন স্কিম-২০২২’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে। এর ফলে রাজ্য ও বহিঃরাজ্যের শিল্প উদ্যোগীরা ত্রিপুরায় বিনিয়োগ করতে অনেক বেশী উৎসাহিত হচ্ছে। সরকার বোধজংনগর ও আরকে নগর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের পরিকাঠামোর উন্নতির জন্য কাজ করছে। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলার পার্শবর্তী জোড়া শিল্পতালুক হচ্ছে বোধজংনগর এবং আর কে নগর ইন্ডাস্ট্রিয়েল কমপ্লেক্স। পৃথক এ দুটি শিল্প তালুকে বাঁশ প্রক্রিয়াকরণ থেকে শুরু করে মাঝারি আকারের শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র ইত্যাদি রয়েছে। এ দুটি শিল্পকেন্দ্রের শিল্প উদ্যোগীরা বিভিন্ন সময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানান। তাদের সমস্যার বিষয়ে খোঁজ নিতে প্রথম বারের মতো ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে অধ্যাপক ডা. মানিক সাহা নিজে শিল্পাঞ্চলে ছুটে যান এবং কথা বলেন মালিক পক্ষের সঙ্গে।