
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছে অর্ধশতাধিক। এর মধ্যে একটি ঘটনা ঘটেছে সড়ক দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালানোর সময় অপর একটি বাসের চাপায়। রোববার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও আল জাজিরা।
খবরে বলা হয়েছে, প্রথম দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শনিবার সকালে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে ঘটে। আর দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে এর কয়েক ঘণ্টা পর সেখান থেকে ২৫০ কিলোমিটার দূরের শহর মারদিনে। সেখানে মানুষের ভিড়ের মধ্যে একটি লরি ওঠে যায়। গাজিয়ান্তেপে প্রথমে একটি গাড়ি দুর্ঘটনায় পড়ে। তখন সেখানে উদ্ধারতৎপরতা চালাতে ছুটে আসেন অগ্নিনির্বাপক ও জরুরি বিভাগের উদ্ধারকর্মীরা। পাশাপাশি ওই দুর্ঘটনার খবর সংগ্রহ করতে সেখানে সাংবাদিকেরাও উপস্থিত হন। আর ঠিক এমন সময়ই সেখানে দ্রুতগতির একটি বাস উপস্থিত লোকদের জটলার মধ্যে উঠে যায় এবং প্রায় ২০০ মিটার দূরে গিয়ে উল্টে যায়।