
আন্তর্জাতিক ডেস্কঃ গত ২৪ ঘন্টায় তুরস্কে পৃথক সড়ক দুটি দুর্ঘটনায় ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। রবিবার বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, শনিবার (২০ আগস্ট) সকালে গাজিয়ানটেপের কাছে একটি সড়ক দুর্ঘটনাস্থলে একটি বাস ধাক্কা দেয়। এতে ১৬ জন নিহত এবং আহত হয় ২১ জন। এর ঠিক কয়েক ঘণ্টা পরে মারদিন থেকে ২৫০ কিলোমিটার (১৫০ মাইল) দূরে একটি ট্রাক মানুষের ভিড়ের ওপর উঠে গেলে আরও ১৬ জন নিহত হয়। নিহতরা জরুরি বিভাগের কর্মী বলে জানা গেছে। তবে উভয় ঘটনার মধ্যে কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা জানা যায়নি।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা বলেছেন, দ্বিতীয় দুর্ঘটনায় ১৬ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ গাজিয়ানটেপ থেকে আঞ্চলিক গভর্নর দাভুত গুল বলেছেন, পূর্বের দুর্ঘটনাস্থলে একটি বাস আঘাত হানলে জরুরি কর্মী ও সাংবাদিকসহ ১৬ জন মারা যান। আরও ২০ জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
এসআর