
আন্তর্জাতিক ডেস্কঃ কমছে ইউরোপের জনসংখ্যা। পশ্চিম ইউরোপের বিভিন্ন দেশ অধিক হারে অভিবাসী গ্রহণ করে পরিস্থিতি সামাল দিলেও পূর্ব ইউরোপের বিভিন্ন দেশে নেই তেমন উদ্যোগ। সমস্যা সমাধানে অভিবাসন ও জন্মহার বৃদ্ধি করতে পদক্ষেপ নেয়ার তাগিদ গবেষণা প্রতিষ্ঠানগুলো।সম্প্রতি ইউরোপীয় পরিসংখ্যান ব্যুরো তাদের জনসংখ্যা রিপোর্ট প্রকাশ করেছে। নতুন প্রতিবেদন অনুযায়ী, ইউরোপে ১৯৬০ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রতিবছর গড় জনসংখ্যা বেড়েছে ৩০ লাখ, কিন্তু ২০০৫ থেকে ২০২২ সালের মধ্যে তা নেমে এসেছে মাত্র ৭ লাখে।
জনসংখ্যার হারের নিম্নগতির জন্য শঙ্কিত ইইউর নীতিনির্ধারকরা। অধিক অভিবাসী গ্রহণ ও জন্মহার বৃদ্ধি জরুরি বলে মনে করেন স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা।কয়েক বছর ধরে ইউরোপীয় ইউনিয়নজুড়ে বিদেশিদের আবাসিক পারমিট সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। বিদেশিদের আবাসিক পারমিট বৃদ্ধি পেলেও তা শুধু পশ্চিম ইউরোপের কিছু দেশেই সীমাবদ্ধ থাকছে। উল্টোদিকে পূর্ব ইউরোপের বুলগেরিয়া ও রোমানিয়ার মতো দেশগুলোর প্রতি অভিবাসনপ্রত্যাশীদের আগ্রহ না থাকায় ওই অঞ্চলে জনসংখ্যা কমছে দ্রুত। অভিবাসন আইন সহজীকরণ, বেতন কাঠামোর সমন্বয় ও সুযোগ-সুবিধা বৃদ্ধি না করলে পূর্ব ইউরোপের দেশগুলোতে জনসংখ্যা সংকট দেখা দেবে বলে মনে করছে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান।