News71.com
 International
 26 Aug 22, 08:55 PM
 754           
 0
 26 Aug 22, 08:55 PM

রাশিয়া থেকে সরাসরি তেল কিনতে পারছে না বাংলাদেশ॥ বিকল্প পন্থা অবলম্বনের আগ্রহী সরকার

রাশিয়া থেকে সরাসরি তেল কিনতে পারছে না বাংলাদেশ॥ বিকল্প পন্থা অবলম্বনের আগ্রহী সরকার

নিউজ ডেস্কঃ রাশিয়া থেকে কম দামে তেল আমদানির উপায় বের করতে কয়েক দিন ধরে সরকারের বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিকল্প মুদ্রা ব্যবহার করে হলেও রাশিয়া থেকে তেল আমদানির চিন্তাভাবনা করছিল সরকার। তবে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়, ডলারের বিপরীতে বিকল্প মুদ্রায় রাশিয়া থেকে তেল আমদানি সম্ভব নয়। কারণ, বিশাল অঙ্কের রাশিয়ান মুদ্রা রুবল বাংলাদেশের পক্ষে জোগান দেওয়া অসম্ভব। তা ছাড়া নিষেধাজ্ঞার কারণে ডলারেও রাশিয়া থেকে তেল আমদানি করা যাবে না। আন্তর্জাতিক সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তাই কম দামে অন্য কোনো দেশ থেকে তেল আমদানি করা যায় কি না, তা খতিয়ে দেখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে বৈঠকে।

পণ্য আমদানির ক্ষেত্রে অর্থ পরিশোধের পদ্ধতি’ পর্যালোচনা করতে গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থসচিব, জ্বালানিসচিবসহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বৈঠকে ওষুধশিল্পের স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বেক্সিমকো, এক্‌মি, এসিআই, রেনাটা, ইনসেপ্‌টা ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রাশিয়া থেকে তেল আমদানিতে সুবিধা-অসুবিধা নিয়ে গতকালের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বলা হয় রাশিয়া থেকে তেল আমদানি বেশ কঠিন। প্রক্রিয়াও জটিল। দেশটি তাদের নিজস্ব মুদ্রায় তেল রপ্তানির আগ্রহ দেখিয়েছে। চাইলে ডলারেও পরিশোধ করা যাবে। কিন্তু তেল আমদানিতে রাশিয়ার মুদ্রা রুবল জোগান দেওয়া বাংলাদেশের জন্য কঠিন হবে। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ততটা নেই। সবচেয়ে বড় বিষয়, দেশটি থেকে তেল আমদানি করলে আন্তর্জাতিক সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটিও মাথায় রাখতে হবে। বৈঠকে উপস্থিত একাধিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

তবে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত কীভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে, তা নিয়েও গতকালের বৈঠকে আলোচনা হয়। এ নিয়ে বলা হয় যে ভারত সরকার জানিয়েছে, নিজ দেশের সাধারণ মানুষের স্বার্থে যেটি শ্রেয়তর, সেটিই করবে তার সরকার। অর্থাৎ পশ্চিমা নিষেধাজ্ঞাকে পরোয়া করছে না তারা। তারা রাশিয়া থেকে তেল আমদানি করছে।বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সাংবাদিকদের বলেন, রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে লেনদেন করতে পারছে এমন দেশ থেকে তেল আমদানির চিন্তা করছে সরকার। সেটি হতে পারে ভারত, চীন ও তুরস্ক। এ তিনটি দেশের যেকোনো একটি দেশ থেকে সরকার চাইলে তেল আমদানি করতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন