
নিউজ ডেস্কঃ ‘সারা পৃথিবীতে আমাকে বক্তৃতা দিতে ডাকলেও আমি যেতে পারি না। আমাকে যেতে দেওয়া হয় না।’ সোমবার (৫ সেপ্টম্বর) ভারতের শিক্ষক দিবস উপলকেষ কলকাতার মিলনমেলা প্রাঙ্গণে শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখার সময় একথা কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
কিছুটা আফসোসের সুরে মমতা বুঝিয়ে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সঙ্গে দেখা করতে চাইলেও তাঁকে ভারত সরকারের তরফে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। পাশাপাশি তাঁর আফসোস, বিদেশে তাঁকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানালেও ভারত সরকার অনুমতি দেয় না। মুখ্যমন্ত্রী বলেন, ‘সারা পৃথিবীতে আমাকে বক্তৃতা দিতে ডাকলেও আমি যেতে পারি না। কারণ আমাকে যেতে দেওয়া হয় না। তাতে কোনো যায় আসে না। আজকে পবিত্র দিন, ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবস। আমি জানি, আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে এসেছেন। ভারতবর্ষে সম্ভবত ৫ থেকে ৮ তারিখ অবধি উনি আছেন। আমার ও পশ্চিমবাংলার মানুষের পক্ষ থেকে বাংলাদেশকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমরা প্রণাম ও সালাম জানাই।’