
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ইলেকট্রিক স্কুটারের একটি শো-রুমে ও হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদের সেকেন্দ্রাবাদে এ ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেস।
জানা গেছে, সেকেন্দ্রাবাদের ইলেকট্রিক স্কুটারের ওই শো-রুমে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ওই আগুন শো-রুমে উপরে অবস্থিত রেস্তোঁরা ও ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আট জনের মৃত্যুর পাশাপাশি বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে- ওই বাড়ির নিচে থাকা ইলেকট্রিক স্কুটারের শো-রুমে বেশ কিছু স্কুটার চার্জে বসানো ছিল। পুলিশের ধারণা, শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের সময় ২৪ জন সেখানে আটকা পড়েছিলেন। বাকিদের উদ্ধার করা হয়েছে।