
আন্তর্জাতিক ডেস্কঃ প্রশান্ত মহাসাগরে টহলের আয়োজন করছে রাশিয়া ও চীন যৌথ। গত এক বছরের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশ দুটি এমন আয়োজন অংশ নিচ্ছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরটি এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, প্রশান্ত মহাসাগরে যৌথ টহলে ৮টি জাহাজ অংশ নিচ্ছে। মূলত, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি-স্থিতিশীলতা রক্ষায় সহায়তার লক্ষ্য নিয়ে এই টহলের আয়োজন করা হয়েছে। তবে প্রশান্ত মহাসাগরের ঠিক কোন অংশে যৌথ টহলের আয়োজন করা হচ্ছে তা বার্তায় বলা হয়নি। এ ছাড়া সামুদ্রিকসম্পদ রক্ষা করাও এই টহলের উদ্দেশ্য বলে জানানো হয়েছে। ইঙ্গিত দেয়া হয়েছে, এই টহল ওখোৎস সাগর, জাপানের উত্তরে জোরদার করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক সামরিক সহায়তার অংশ হিসেবে গত বছরের অক্টোবরে প্রথমবারের মতো যৌথ টহলের আয়োজন করা হয়েছিল।