News71.com
 International
 30 Sep 22, 12:37 PM
 1304           
 0
 30 Sep 22, 12:37 PM

আজ রাশিয়ায় যুক্ত হচ্ছে ইউক্রেনের চার অঞ্চল

আজ রাশিয়ায় যুক্ত হচ্ছে ইউক্রেনের চার অঞ্চল

আন্তর্জাতিক ডেস্কঃইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় অন্তর্ভুক্তির জন্য চুক্তি সই হবে আজ শুক্রবার। এর আগে রাশিয়াজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। বিখ্যাত রেড স্কয়ারে একদল সেনা মোতায়েন করা হয়েছে। গতকাল রাজধানী মস্কোর কেন্দ্রস্থলে।ইউক্রেনের খেরসন, জাপোরিঝঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে। এমন সময়ে এই চারটি অঞ্চল রাশিয়ার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে, যখন এসব এলাকা উদ্ধারে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইউক্রেন। একই সঙ্গে পশ্চিমা বিশ্ব এই পদক্ষেপের সমালোচনা করে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

এই চার অঞ্চল নিজেদের অংশ ঘোষণার লক্ষ্যে রাশিয়ার মস্কোর ক্রেমলিন হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা তিনটায় এই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে পুতিন বক্তৃতা করবেন, পাশাপাশি নথিপত্রে স্বাক্ষর করবেন। এ ছাড়া ক্রেমলিন ওয়াল থেকে একটু দূরে রেড স্কয়ারে একটি কনসার্টেরও আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, গণভোটের পর এই চার অঞ্চলের শাসকের আহ্বানে সাড়া দিতে তাদের রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এ–সংক্রান্ত নথিতে স্বাক্ষরের পর পুতিন গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

তবে রেড স্কয়ারে যে কনসার্টের আয়োজন করা হয়েছে, সেখানে পুতিন যাবেন কি না, তা নিশ্চিত নয়। তবে ২০১৪ সালে ক্রিমিয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর ঠিক একই রকম একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই সময় অবশ্য রেড স্কয়ারে গিয়েছিলেন তিনি।

আজ মস্কো শহরে যখন উৎসবের আমেজ থাকবে, তখন ইউক্রেনের কিয়েভে থাকবে চাপা উত্তেজনা। রাশিয়ার এই দখলের পর কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়ে বৈঠক ডেকেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেশটির নিরাপত্তা বিভাগের শীর্ষ কর্মকর্তা ও রাজনীতিবিদেরা বৈঠকে থাকবেন।

এই বৈঠকের আগেই গতকাল বৃহস্পতিবার জেলেনস্কি বলেছেন, রাশিয়ার তথাকথিত গণভোটের কোনো মূল্য নেই। এতে বাস্তবতার কোনো পরিবর্তন হবে না। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ফিরিয়ে আনা হবে। রুশ পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন