
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের কুখ্যাত এভিন কারাগার রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শোনা গেছে গোলাগুলির শব্দও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটক করে রাখার জন্য পরিচিত ইরানের কুখ্যাত এভিন কারাগার। কুর্দি তরুণী মাসা আমিনিকে ঘিরে চলা তীব্র আন্দোলনের মধ্যেই ইরানের কুখ্যাত কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল৷ অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কারাগার থেকে অগ্নিশখা ও ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। একজন কর্মকর্তার বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, অগ্নিকাণ্ডের জন্য ‘উত্তেজনা’ ও ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ দায়ী। এই ঘটনায় আটজন আহত হয়েছেন। এতে কোনো রাজনৈতিক বন্দী এতে জড়িত ছিল না। সংবাদ সংস্থা আইআরএনএ-কে একজন কর্মকর্তা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে৷ গত ১৬ সেপ্টেম্বর নৈতিকতাবিষয়ক পুলিশের হেফাজতে মারা যান মাসা আমিনি৷ এরপর অশান্ত হয়ে ওঠে ইরান৷ যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়৷ শুক্রবার ইরানের একটি মানবাধিকার সংস্থা জানায়, আন্দোলনে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।