
আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপোয়াতো শহরের একটি বারে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসময় নিহত হয়েছেন ১২ জন, যাদের মধ্যে ছয়জন নারী। আহত হয়েছেন তিনজন। আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, ইরাপুয়াতোর দক্ষিণের শহর গুয়ানাজুয়াতোয় শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা হামলাকারীদের খুঁজে বের করার চেষ্টা করছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে শহরের সরকার। হামলার কারণ স্পষ্ট নয়। এক মাসের ব্যবধানে রাজ্যে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো। বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারীদের একটি প্রধান উৎপাদন কেন্দ্র গুয়ানাজুয়াতো। সাম্প্রতিক বছরগুলোয় এ অঞ্চলে মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্ব বেড়ে যায়। ফলে প্রায়শই সেখানে হামলার ঘটনা ঘটছে। চলতি মাসের শুরুতে দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরোয় মাদক চক্রের সঙ্গে জড়িতরা শহরের মেয়রসহ ২০ জনকে হত্যা করে।