
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের সরকার বিরোধী টুইট করায় এক মার্কিন নাগরিককে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সাদ ইব্রাহিম আলমাদি (৭২) নামের ওই ব্যক্তিকে গত নভেম্বরে রিয়াদ থেকে গ্রেফতার করা হয়। তিনি ওই সময় ফ্লোরিডা থেকে পরিবারের সঙ্গে দেখা করতে রিয়াদ গিয়েছিলেন। আলমাদির ছেলে ইব্রাহিম আলমাদি জানান, সে তার বাবাকে কারাগারে মরতে দেখতে চান না। তার বাবাকে কারাগারে নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন ইব্রাহিম। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং সন্ত্রাসবাদকে সমর্থন ও অর্থায়নের দায়ে সাদ ইব্রাহিম আলমাদিকে দোষী সাব্যস্ত করেন সৌদি আদালত। ইব্রাহিম আলমাদির অভিযোগ, শুধু টুইট বার্তা প্রমাণ হিসেবে দেখিয়েই তারা বাবাকে এই শাস্তি দেওয়া হয়েছে। বিবিসি সাদ ইব্রাহিম আলমাদির টুইটগুলো দেখেছে। সেখানে দেখা গেছে তিনি মক্কা এবং জেদ্দা শহরের পুরানো অংশগুলো ভেঙে ফেলার সমালোচনা করেছেন। এছাড়া সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়েও টুইট বার্তায় উদ্বেগ প্রকাশ করেছিলেন।