
আন্তর্জাতিক ডেস্কঃ রুশ নৌবহরে ড্রোন হামলার প্রতিবাদে ইউক্রেনের কৃষিপণ্য রপ্তানির বিষয়ে সম্পাদিত চুক্তি থেকে সরে এসেছে রাশিয়া। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইউক্রেনীয় কৃষিপণ্য রপ্তানি নিশ্চিত করতে এই চুক্তিটি করা হয়েছিল। স্থানীয় সময় আজ শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। রুশ সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করা হয়েছে। রাশিয়া জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী ড্রোনের সাহায্যে আজ শনিবার ভোররাতে রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্তোপল বন্দরের নিকটবর্তী কৃষ্ণ সাগরে থাকা রুশ নৌবহরে হামলা করেছে। এই হামলায় অন্তত ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছিল এবং এই হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে রাশিয়া। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের নিকটে অবস্থিত ওই নৌবহরে হামলার বিষয়ে রাশিয়া জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবারের এই হামলায় অন্তত ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সময় আজ শনিবার ভোরে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘আজ ভোর সাড়ে ৪টা থেকে শুরু করে পরবর্তী কয়েক ঘণ্টা সেভাস্তোপোলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন হামলা প্রতিহত করেছে। সব ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা মানুষবিহীন আকাশযান) গুলি করে নামানো হয়েছে।’