
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্যের মরবিতে সেতু ভেঙে পড়ে ১৪১ জনের মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। বিরোধীদের দাবি, অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে। তাদের অভিযোগের তীর বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের দিকে। শাসকদল ব্যস্ত ক্ষতিপূরণের মাধ্যমে সেতু দুর্ঘটনার ‘ক্ষত’ সারাতে। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মঙ্গলবার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যেতে পারেন। মাচু নদীর ওপর দেড় শ বছরের পুরোনো ঝুলন্ত সেতু দুর্ঘটনায় সোমবার নাগাদ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪১ জনে। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এখন পর্যন্ত ১৭৭ জনকে জীবন্ত উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। রাজ্য সরকারের তরফে নিহতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে দেওয়া হবে। ভারতে বিজেপি তাদের প্রচারে উন্নয়নের ক্ষেত্রে গুজরাট মডেলের কথা বলেন। দলের প্রধান দুই মুখ নরেন্দ্র মোদি ও অমিত শাহ গুজরাটেরই সন্তান। সামনেই গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগে সদ্য মেরামতের পর আবারও চালু হওয়া সেতু ভেঙে এত মানুষের মৃত্যু বিজেপি নেতৃত্বকে বিপাকে ফেলেছে। ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি গত ২৬ অক্টোবর মেরামতের পর খুলে দেওয়া হয় জনগণের জন্য অভিযোগ, কোনো ছাড়পত্র ছাড়াই খুলে দেওয়া হয় সেতুটি। সে কারণেই গত রোববার সন্ধ্যায় ছট পূজার সময় প্রায় ৫০০ মানুষ সেতুটিতে ভিড় করলে, ঘটে দুর্ঘটনা।