News71.com
 International
 08 Nov 22, 10:37 AM
 283           
 0
 08 Nov 22, 10:37 AM

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত তিন শতাধিক।।

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত তিন শতাধিক।।

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভে অন্তত ৩০৪ জনের প্রাণহানি ঘটেছে। ইরানবিষয়ক নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যানস রাইটসের (আইএইচআর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৩ সেপ্টেম্বর তেহরানে নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার হন মাহসা আমিনি নামে এক তরুণী। গ্রেফতারের তিনদিন পর পুলিশি হেফাজত থেকে কোমায় যাওয়া এ তরুণীর প্রাণহানি ঘটে। তার মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন ইরানের সাধারণ মানুষ। ইরানজুড়ে শুরু হয় রক্তক্ষয়ী বিক্ষোভ-সংঘাত, যা এখনও চলমান আছে। আইএইচআর বলেছে, দেশব্যাপী চলমান আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৩০৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ২৪ নারী ও ৪১ শিশু রয়েছে। নরওয়েভিত্তিক এ মানবাধিকার সংস্থার মতে, গত শুক্রবার সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাস শহরে বিক্ষোভ করার সময় অন্তত ১৬ জনকে সরাসরি গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সংস্থাটির দাবি, সিস্তান-বালুচিস্তান প্রদেশে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। মাহসা আমিনির মৃত্যুর পর মধ্য সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে শুধুমাত্র এ অঞ্চলে প্রাণ হারিয়েছেন ১১৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন