
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সোমবার (১৪ নভেম্বর) ইন্দোনেশিয়ার বালিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে দুই নেতাই ইউক্রেনের যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে তাদের অবস্থান প্রকাশ করেছেন।ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, জিটুয়েন্টি শীর্ষ সম্মেলনের জন্য বালিতে আসা বাইডেন এবং শি-র মধ্যে তিন ঘণ্টা ধরে এই বৈঠক চলে। সাক্ষাতের শুরুতে দুই নেতা সাংবাদিকদের সামনে হাসিমুখে করমর্দন করেন। এ বৈঠকের ফলে দুই পরাশক্তির মধ্যে সম্প্রতি শীতল হয়ে পড়া সম্পর্ক অন্তত কিছুটা উষ্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে।হোয়াইট হাউস জানিয়েছে বাইডেন এ বৈঠকের সময় শি-কে বলেন, দুদেশের মধ্যে প্রতিযোগিতা চলবে, কিন্তু তা সংঘাতে পরিণত হতে দেওয়া উচিত নয়। শি এ বৈঠকে জো বাইডেনের সঙ্গে একমত হন যে ইউক্রেনের যুদ্ধে পরমাণু অস্ত্রের ব্যবহার কখনোই হওয়া উচিত নয়। বাইডেন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো নতুন ঠাণ্ডা যুদ্ধ শুরু হবার সম্ভাবনা উড়িয়ে দেন।