
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ‘বিপ্লবী’ আদালত আরও চারজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন।'সৃষ্টিকর্তার বিরুদ্ধে শত্রুতার’ অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বুধবার এই খবর জানিয়েছে বিবিসি। হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৩ সেপ্টেম্বর তেহরানে নৈতিকতা পুলিশের হাতে গ্রেফতার হন মাহসা আমিনি নামে এক তরুণী। গ্রেফতারের তিনদিন পর পুলিশি হেফাজত থেকে কোমায় যাওয়া এ তরুণীর প্রাণহানি ঘটে। তার মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন ইরানের সাধারণ মানুষ। ইরানজুড়ে শুরু হয় রক্তক্ষয়ী বিক্ষোভ-সংঘাত। আদালত বলেছেন, ‘দাঙ্গাকারী’ এই চার ব্যক্তির একজন তার গাড়ির ধাক্কায় এক পুলিশ সদস্যকে হত্যা করেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে একটি ছুরি ও একটি বন্দুক ছিল। তৃতীয় ব্যক্তি সড়ক অবরোধ করে ত্রাস চালান। চতুর্থ ব্যক্তি ছুরি হামলা চালিয়েছিলেন। ইরানে বিগত তিন মাস ধরে সরকারবিরোধী এ বিক্ষোভ চলছে। এর আগে একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এর মধ্য দিয়ে পাঁচ জন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড দেওয়া হলো।