News71.com
 International
 18 Nov 22, 01:35 PM
 190           
 0
 18 Nov 22, 01:35 PM

উক্রেনের জ্বালানি উৎপাদন কেন্দ্রে রুশ ক্ষেপনাস্ত্র হামলা॥

উক্রেনের জ্বালানি উৎপাদন কেন্দ্রে রুশ ক্ষেপনাস্ত্র হামলা॥

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধ কবলিত ইউক্রেনে ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাল প্রতিপক্ষ রাশিয়া। আজ অনেকটা আকস্মিক ভাবেই সেন্ট্রাল ইউক্রেনের নিপ্রো শহরের জ্বালানি উৎপাদন কেন্দ্রে এসে পড়ে রুশ ক্ষেপণাস্ত্র। ঘটনায় সরকার অধিকৃত নাফতোগাজ় সংস্থার জ্বালানি কেন্দ্রগুলি ধ্বংস হয়ে গিয়েছে। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। এর জন্য আজও ইউক্রেনকেই ‘দায়ী’ করেছে ক্রেমলিন। তাদের বক্তব্য, কিভ সমঝোতায় রাজি হচ্ছে না বলেই এই পরিস্থিতি। নাফতোগাজ়ের সিইও ওলেক্সি চেরনিশোভ বলেন, ‘‘রুশ হামলায় বেশ কিছু অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। আর কিছু বিষয় ভাল মতো ক্ষতিগ্রস্ত হয়েছে।’’ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্মিহালও জানিয়েছেন, দেশ জুড়ে বিভিন্ন জ্বালানি কেন্দ্রগুলিকে নিশানা করে রকেট হামলা চালাচ্ছে রাশিয়া। আজকের হামলায় ক্ষতির পরিমাণ ঠিক কী, তা এখনও সরকারের তরফে জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিয়ো ছড়িয়েছে। এমনই একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা দিয়ে একটি গাড়ি চলছে। আশপাশ দিয়ে ছুটে যাচ্ছে আরও বেশ কিছু গাড়ি। আচমকাই মাঝরাস্তায় এসে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র। যিনি ভিডিয়োটি শেয়ার করেছেন, তিনি লিখেছেন, ‘নিপ্রো শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা। ২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এটাই ইউক্রেনীয়দের প্রতিদিনের সকাল। আমরা রোজ কাজে বেরোই এবং জানি না, আর ফিরতে পারব কি না। নাকি কোনও রকেট এসে উড়িয়ে দেবে সব কিছু।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন