
আন্তর্জাতিক ডেস্কঃ ইলন মাস্ক টুইটারের মালিকানা নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিতে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। কর্মী ছাঁটাইসহ নানান ইস্যুতে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। এই পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য তাদের অফিস বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ শুক্রবার এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান পত্রিকা। গতকাল বৃহস্পতিবার রাতে চলমান সংকট সর্বোচ্চ আকারে পৌঁছায়। এদিন কর্মীরা মাস্কের শর্ত প্রত্যাখ্যান করেন। এরপর টুইটারের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে।   টুইটার থেকে চাকরি ছাড়ার তালিকায় আছেন অসংখ্য ইঞ্জিনিয়ার। যারা টুইটারের বাগ ঠিক করা এবং সেবা চালু রাখার কাজটি করে থাকেন। তারা চাকরি ছাড়ার পরই টুইটারের সেবা হুমকির মুখে পড়ে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন, কর্মীরা গণহারে পদত্যাগ শুরু করলে চিন্তায় পড়ে যান ম্যানেজাররা। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, টুইটার তার কর্মীদের কাছে পাঠানো ইমেইলে জানায়, সোমবার পর্যন্ত অফিস বন্ধ রাখা হবে এবং কর্মীদের জন্য টুইটারের অ্যাক্সেস বন্ধ থাকবে। এখন ব্যবহারকারীরা ধারণা করছেন, আগামী কয়েকদিনের মধ্যে টুইটারে ধস নামবে। ফলে এটির বিকল্প মাধ্যমগুলোতে চলে যাচ্ছেন তারা।