
আন্তর্জাতিক ডেস্কঃ খেরসন থেকে রুশ বাহিনী প্রত্যাহার করে নেওয়া হলেও অঞ্চলটির অবস্থান বদলাবে না বলে জানিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শনিবার বলেন, অঞ্চলটি রাশিয়ারই অংশ থাকবে। খবর আরটির। পেসকভ বলেন, ‘এটি রাশিয়ান ফেডারেশনের একটি বিষয়। এটি আইনগতভাবে ব্যাখ্যা করা আছে। এর কোনো পরিবর্তন নেই এবং পরিবর্তন হতে পারে না।’ গত সেপ্টেম্বরে খেরসনসহ চারটি অঞ্চলকে রাশিয়ার সঙ্গে যোগ করে নেওয়ার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মস্কোর রেড স্কয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়ে দেন। তবে ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণের মুখে খেরসন থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে মস্কো। শুক্রবার কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলটির নিয়ন্ত্রণও নিয়েছে ইউক্রেনীয় সেনারা। এদিকে খেরসন পুনরুদ্ধারের পর এবার লুহানস্ক অঞ্চলের গভীরে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে তীব্র লড়াই হচ্ছে। ইউক্রেনীয়দের অগ্রযাত্রা ঠেকাতে নতুন করে ব্যাপকভাবে রুশ সেনা মোতায়েন করেছে মস্কো। ইউক্রেনে ও রাশিয়ার পক্ষ থেকে এ নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি এখন পর্যন্ত। রুশ বাহিনী খেরসন অঞ্চলের ডিনিপ্রো নদীর পশ্চিম থেকে পিছু হটলে এমন তা-বের বিষয়টি সামনে এনেছে ম্যাক্সার। এদিকে দখলকৃত খেরসন শহর থেকে রুশ সেনা প্রত্যাহারের পর শুক্রবার অঞ্চলটির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনীয় সেনারা। ইউক্রেনীয় সেনাবাহিনীর শহরে প্রবেশের পর উল্লাসে মেতেছেন স্থানীয়রা।