News71.com
 International
 18 Nov 22, 11:20 PM
 217           
 0
 18 Nov 22, 11:20 PM

আড়াল থেকে যুদ্ধ বিপজ্জনক।।মোদি

আড়াল থেকে যুদ্ধ বিপজ্জনক।।মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এটা সবাই জানে যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো বিভিন্ন সূত্র থেকে অর্থ সাহায্য পায়। তেমনই একটি সূত্র হল রাষ্ট্রের মদদ। নিজেদের বৈদেশিক নীতি হিসেবে কয়েকটি দেশ সন্ত্রাসবাদে মদদ জোগায়।  শুক্রবার নয়াদিল্লিতে ‘নো মানি ফর টেরর’ সম্মেলনে এসব কথা বলেন মোদি।  মোদি বলেন, ওই দেশগুলো জঙ্গিদের রাজনৈতিক, মতাদর্শগত এবং আর্থিক সহায়তা দেয়। আন্তর্জাতিক সংগঠনগুলো যেন এটা না ভাবে যে, যুদ্ধ হচ্ছে না বলেই শান্তি বিরাজ করবে। আড়াল থেকে যুদ্ধ করা বা প্রক্সি ওয়ার অত্যন্ত বিপজ্জনক ও হিংসাত্মক। মোদি পরিস্কার জানিয়ে দিলেন, যে দেশগুলো সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, সেই দেশগুলিকে কঠিন মূল্য চোকাতে হবে। তিনি বলেন, যে দেশগুলো নিজেদের বৈদেশিক নীতির অংশ হিসেবে সন্ত্রাসবাদের প্রতি রাজনৈতিক, মতাদর্শগত এবং আর্থিক সহায়তা দেয়, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।  একবারও পাকিস্তানের নাম উচ্চারণ করেননি মোদি। তবে পাকিস্তান যে সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে, তা কার্যত বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   মোদি বলেন, মূল থেকে সন্ত্রাসবাদের নির্মূল করতে আরও কার্যকরী প্রতিক্রিয়ার প্রয়োজন আছে। কখন সন্ত্রাসবাদী আক্রমণ চালানো হবে এবং তারপর পদক্ষেপ নেব, সেই মনোভাবে এগিয়ে গেলে হবে না। আগে থেকেই সন্ত্রাসবাদীদের নিশানা করতে হবে। জঙ্গিদের সহযোগী নেটওয়ার্ক ভেঙে দিতে হবে আমাদের। ওদের অর্থ সহায়তার রাস্তা বন্ধ করে দিতে হবে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন