
আন্তর্জাতিক ডেস্কঃ হংকংয়ে একটি টাইরানোসরাস রেক্স (টি-রেক্স) প্রজাতির ডাইনোসরের কঙ্কালের নিলাম বাতিল হয়ে গেছে। ডাইনোসরটি ৬ কোটি ৭০ লাখ বছর আগে বেঁচে ছিল বলে ধারণা করা হয়। নিলাম হাউস ক্রিস্টি’স সোমবার (২১ নভেম্বর) সংবাদ সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। একটি আমেরিকান ফসিল কোম্পানি ‘শেন’ নামের কঙ্কালটির একটি অংশ নিয়ে সন্দেহ প্রকাশ করার পরে এই নিলাম বাতিল করা হয়। গত রোববার মার্কিন কোম্পানিটির সন্দেহের খবর প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। নিলাম হাউস ক্রিস্টিস এএফপিকে দেওয়া বিবৃতিতে বলেছে, ১৪০০ কেজি ওজনের ‘শেন’ কঙ্কালটি শুক্রবার হংকংয়ে শুরু হওয়া শরতের নিলাম থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কঙ্কালটি বর্তমানে জনসাধারণকে প্রদর্শনের জন্য একটি জাদুঘরে রাখার সিদ্ধান্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মন্টানা রাজ্য থেকে খনন করে তোলা ডাইনোসরের কঙ্কালটি উচ্চতায় ১৫ ফুট এবং দৈর্ঘ্যে ৩৯ ফুট। এটি প্রাপ্তবয়স্ক পুরুষ ডাইনোসর বলে ধারণা করা হয়, যা প্রায় ৬ কোটি ৭০ লাখ বছর আগে পৃথিবীতে বেঁচে ছিল।