
আন্তর্জাতিক ডেস্ক: জাপানের বিস্তীর্ণ অংশে ব্যাপক তুষারপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০ জনেরও বেশি। এছাড়া, বিদ্যুৎহীন হয়ে পড়েছে শত শত বাড়ি-ঘর। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহ থেকে জাপানের উত্তরাঞ্চলে ভারি তুষারপাত শুরু হয়। যার কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। বিতরণ পরিষেবাগুলো বিলম্বিত হচ্ছে। তুষারপাতে শনিবারের মধ্যে ১১ জনের মৃত্যু হয়। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বড়দিনের সপ্তাহে সোমবার সকাল পর্যন্ত এই তুষারপাতে ১৭ জন মারা গেছেন। আহতের সংখ্যা ৯৩-এ পৌঁছেছে। আহত ও নিহতদের মধ্যে অনেকেই ছাদ থেকে বরফ সরানোর সময় পড়ে গিয়েছিলেন। আবার অনেকে ছাদ থেকে পিছলে যাওয়া বরফের ঘন স্তুপের নিচে চাপা পড়েছিলেন। এদিকে পৌর কার্যালয়গুলো বাসিন্দাদের তুষার অপসারণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন ও একা কাজ না করার আহ্বান জানিয়েছে।