
আন্তর্জাতিক ডেস্কঃ নেপালের নির্বাচনে অংশ নিতে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছেড়েছিলেন রবি লামিচানে। নির্বাচনে জয়ী হলে তাকে দেশটির উপপ্রধানমন্ত্রী করা হয়, এ ছাড়া দায়িত্ব দেওয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু নাগরিকত্বের অবৈধ সনদ জমা দিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় সবই হারিয়েছেন তিনি।নেপালের সংবাদমাধ্যমগুলো বলা হয়েছে, নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আগেই ছেড়েছিলেন রবি লামিচানে, এখন নেপালেরটিও নেই। সঙ্গে হারিয়েছেন উপপ্রধানমন্ত্রীর পদ। পার্লামেন্টের সদস্য পদ খোয়ানোয় হারিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও। শুক্রবার (২৭ জানুয়ারি) এ খড়্গ পড়ে লামিচানের ওপর। নাগরিকত্ব বিষয়ক জটিলতার জেরে সুপ্রিম কোর্টের এক রায়ে একে একে সব হারিয়েছেন ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট পার্টির শীর্ষ এ নেতা। সুপ্রিম কোর্টের মুখপাত্র বিমল পৌদেল এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের রায় অনুসারে গত বছরের (২০২২) জাতীয় নির্বাচনে নাগরিকত্ব বিষয়ক আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে রবি লামিছানের বিরুদ্ধে। ফলে তিনি পার্লামেন্টের সদস্য পদসহ সব হারিয়েছেন।