
আন্তর্জাতিক ডেস্কঃ সিন্ধু নদীর পানিচুক্তি (আইডব্লিউটি) নিয়ে পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছে ভারত। গত ২৫ জানুয়ারি পাকিস্তানকে এই নোটিশ পাঠানো হয় বলে, শুক্রবার (২৭ জানুয়ারি) ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত ৬২ বছর ধরে এই চুক্তির সব শর্ত মেনে চলেছে ভারত। কিন্তু পাকিস্তান যে আচরণ করছে তাতে নোটিশ পাঠানো ছাড়া উপায় ছিল না। তবে ওই চিঠিতে পাকিস্তানকে এও বলা হয়েছে যে, পানি চুক্তির বিষয়ে চিরকালই ভারত দায়বদ্ধ। কিন্তু পাকিস্তানের আচার-আচরণ চুক্তির বিরোধী। মূলত, সিন্ধু পানি চুক্তির জট দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘ দিনের সমস্যা। দীর্ঘ ৬২ বছর ধরেই এই চুক্তি নিয়ে জটিলতা অব্যাহত আছে। ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্টেরট (আইডব্লিউটি) আওতায় পড়ে এই চুক্তি। জানা গেছে গত ২৫ জানুয়ারি সিন্ধু পানি চুক্তির পরিবর্তন করতে পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছে ভারত। সংশ্লিষ্ট কমিশনারের মাধ্যমে পাকিস্তানকে সেই নোটিশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সিন্ধু নদী হিমালয়ে উৎপন্ন হয়ে ভারতের মধ্য দিয়ে গেছে পাকিস্তানে। সে দেশের বিস্তীর্ণ সমভূমি পেরিয়ে আরব সাগরে গিয়ে মিশেছে। ১৯৬০ সালের সেপ্টেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মহম্মদ আয়ুব খান স্বাক্ষর করছিলেন সেই চুক্তিতে। বিশ্ব ব্যাংক এই চুক্তির মধ্যস্থতা করেছিল।