
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, দীর্ঘকাল ধরে ইসরায়েল সরকারের জবরদখলে থাকা ফিলিস্তিনিদের জীবন ‘জাহান্নামের মতো দুর্বিষহ’ হয়ে উঠেছে। উগ্র ইহুদি বসতি স্থাপনকারীরা জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বহু ঘরবাড়ি ও গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পর দুপক্ষের মধ্যে যখন উত্তেজনা চরমে, তখন গুতেরেস এ মন্তব্য করলেন।
কাতার-ভিত্তিক আল-জাজিরা নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গুতেরেস বলেন, তিনি অধিকৃত জর্ডান নদীর পশ্চিম তীরে হুওয়ারা গ্রামের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগ নিয়ে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ চরম দুর্বিষহ জীবনযাপন করছেন এবং অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের জীবন বহু দিক দিয়ে ‘জাহান্নামসম’ জীবনযাপন করছেন। তবে সাক্ষাৎকারে গুতেরেস একথার সত্যতা অস্বীকার করেন যে, ইউক্রেন ইস্যুর সঙ্গে তুলনা করলে ফিলিস্তিন ইস্যুতে দ্বৈত ভূমিকা পালন করছে জাতিসংঘ।