News71.com
 International
 27 Mar 23, 03:52 PM
 198           
 0
 27 Mar 23, 03:52 PM

রাশিয়ার অস্ত্র ভান্ডার কার নিয়ন্ত্রণে

রাশিয়ার অস্ত্র ভান্ডার কার নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক নিউজঃ প্রতিবেশী মিত্রদেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি গত শনিবার এ ঘোষণা দিয়ে বলেন, এ ব্যাপারে বেলারুশের সঙ্গে রাশিয়ার একটি সমঝোতা হয়েছে। রাশিয়ার এ পদক্ষেপে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি লঙ্ঘিত হবে না। কারণ, রাশিয়া তার পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ বেলারুশের হাতে দেবে না।

পুতিনের এমন ঘোষণার প্রেক্ষাপটে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের ভান্ডার কত বড়, কে এ অস্ত্র নিয়ন্ত্রণ করে—বিষয়টি সামনে এসেছে। আল-জাজিরার এক প্রতিবেদনে এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পারমাণবিক অস্ত্র পায় রাশিয়া। এখন দেশটির কাছে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের তথ্যমতে, ২০২২ সাল নাগাদ রাশিয়ার কাছে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা ৫ হাজার ৯৭৭। যুক্তরাষ্ট্রের ৫ হাজার ৪২৮টি।

রাশিয়ার কাছে থাকা পারমাণবিক অস্ত্রের মধ্যে ১ হাজার ৫৮৮টি বর্তমানে মোতায়েন রয়েছে। মজুত আছে ২ হাজার ৮৮৯টি। মেয়াদ ফুরিয়েছে ১ হাজার ৫০০টির। তবে এগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে।

বুলেটিন অব দ্য অ্যাটোমিক সায়েন্টিস্টস বলছে, রাশিয়ার ৮১২টি পারমাণবিক অস্ত্র স্থলভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে, ৫৭৬টি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০০টি ভারী বোমারু বিমানঘাঁটিতে মোতায়েন রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৪৪টি কৌশলগত পারমাণবিক অস্ত্র বর্তমানে মোতায়েন অবস্থায় রয়েছে।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের তথ্য অনুসারে, বর্তমানে চীনের কাছে মোট ৩৫০টি, ফ্রান্সের ২৯০টি ও যুক্তরাজ্যের কাছে ২২৫টি পারমাণবিক অস্ত্র রয়েছে।

পরিসংখ্যান বলে দিচ্ছে, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৯০ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সর্বোচ্চ ৪০ হাজারে পৌঁছেছিল। তখন যুক্তরাষ্ট্রের কাছে ছিল সর্বোচ্চ প্রায় ৩০ হাজার পারমাণবিক অস্ত্র।

রাশিয়ার কাছে প্রায় ৪০০টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে মনে করা হয়। এ ছাড়া দেশটি ১০টি পারমাণবিক অস্ত্রসজ্জিত সাবমেরিন পরিচালনা করছে। রাশিয়ার ৬০ থেকে ৭০টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বোমারু বিমান রয়েছে।

 

 

 

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন