
আন্তর্জাতিক ডেস্কঃ শ্রমিক সংগঠনের ডাকে বিশাল ধর্মঘটে প্রায় স্তব্ধ হয়ে গেছে পশ্চিম ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানি। সোমবার থেকে দেশটিতে চলছে না ট্রাম-বাস, ট্রেন কিংবা বিমান।মূল্যস্ফীতির মুখে বেতন ও মজুরি বাড়াতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এ ধর্মঘটের ডাক দিয়েছে পরিষেবা ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় শ্রমিক সংগঠন ভ্যার্ডি এবং রেল ও পরিবহণ ক্ষেত্রের শ্রমিক সংগঠন ইভিজি।সোমবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। এছাড়াও এমন খবর দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স ও এপি।
ডয়েচে ভেলে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, রোববার (২৬ মার্চ) মাঝরাত থেকে সোমবার মাঝরাত পর্যন্ত জার্মানিতে জনজীবন প্রায় স্তব্ধ করে দিতে এ বিশাল ‘সতর্কতামূলক’ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘটের ডাক দেওয়া সংগঠন ভ্যার্ডির সদস্য সংখ্যা প্রায় ২৫ লাখ এবং ইভিজির প্রায় দুই লাখ ৩০ হাজার। সরকার ও পৌর স্তরের শ্রমিক-কর্মীদের জন্য মোটা অংকের বেতন বৃদ্ধির দাবি করছে তারা। ভ্যার্ডি ১০ দশমিক পাঁচ শতাংশ ও ইভিজি ১২ শতাংশ বেতন বৃদ্ধি চেয়েছে। এ অবস্থায়, সোমবারই মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দরকষাকষি আবার শুরু হওয়ার কথা।