
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ছয়জন নিহত হয়েছেন। বন্দুকধারী একজন নারী। তিনি গুলি চালিয়ে তিনজন শিশু ও তিন বয়স্ক মানুষকে হত্যা করেছেন। সোমবার (২৭ মার্চ) ন্যাশভিল শহরে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। আক্রমণকারী নারীর কাছে ওই স্কুলের পুরো নকশা ছিল। হাতে আঁকা ওই নকশায় কোথা দিয়ে স্কুলে ঢোকা যায় তা দেখানো ছিল। ওই নারীর পরিচয় কী, পুলিশ এখন খুঁজে বের করার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, আক্রমণকারী নারীর কাছে দুইটি সেমি-অটোমেটিক রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। ওই নারীও পরে পুলিশের গুলিতে মারা গেছেন।
এ কনভেন্ট স্কুলে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। প্রায় দুইশ’ ছাত্রছাত্রী সেখানে পড়ে। যে তিনজন পড়ুয়া গুলিতে মারা গেছে, সকলের বয়স নয় বছর। এছাড়া স্কুলের তিনজন কর্মীও মারা গেছেন। ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেক বলেছেন, বাচ্চাদের দেখে আমি চোখের জল সামলাতে পারিনি। আক্রমণকারী নারীও ওই স্কুলেরই ছাত্রী ছিলেন। তার কাছে কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ দিনের সঙ্গে ও স্কুলের কোনো ঘটনার সঙ্গে তার কোনো যোগ ছিল কি না, তাও দেখা হচ্ছে।