News71.com
 International
 02 Apr 23, 12:00 PM
 197           
 0
 02 Apr 23, 12:00 PM

রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল রাশিয়া॥তীর্জক মন্তব্য যুক্তরাষ্ট্রের

রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল রাশিয়া॥তীর্জক মন্তব্য যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্কঃ রুশ-ইউক্রেন যুদ্ধের মধ্যেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেল রাশিয়া। এর আগে গত ২০২২ সালের ফেব্রয়ারি মাসে এই দায়িত্ব পালন করে রাশিয়া । এরই মধ্যে শুরু হওয়া যুদ্ধে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাংশ। লক্ষ লক্ষ ইউক্রেনীয় দেশছাড়া। যুদ্ধে প্রাণ হারিয়েছেন অসংখ্য বাসিন্দা। বেশ কিছু অঞ্চল ইতিমধ্যেই রাশিয়ার দখলে চলে গিয়েছে। যুদ্ধ অপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। এ সব সত্ত্বেও, এ মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতি হল রাশিয়া। ঘটনার তীব্র নিন্দা করেছে ইউক্রেন। ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্র কুলেবার এটিকে এপ্রিল ফুলে (১ এপ্রিল) একটা ‘বাজে মশকরা’ বলে মন্তব্য করেছেন।

 

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম রাশিয়া। সংগঠনের স্থায়ী সদস্য হিসেবে গোটা বিশ্বে সামরিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে তারা, কোনও দেশে শান্তিবাহিনী নিয়োগ করতে পারে, কোনও দেশ বা কোনও ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা জারি করতে পারে, যুদ্ধাপরাধের মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) পাঠাতে পারে। অথচ ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে রাশিয়ারই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে। রাশিয়া আইসিসি-র সদস্য নয়। তাদের ঘোষণা, আইসিসি-কে তারা মানে না।

 

নিরাপত্তা পরিষদের মোট ১৫টি সদস্য দেশের প্রত্যেকে এক মাসের জন্য সভাপতিত্ব করে। ঘুরিয়ে ফিরিয়ে তারা দায়িত্ব নেয়। গত বছর ফেব্রুয়ারি মাসে শেষ বার রাশিয়া নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব করেছিল। সে মাসেই তারা ইউক্রেন আক্রমণ করেছিল। এখনও সেই যুদ্ধ চলছে। সমালোচকদের প্রশ্ন, যে দেশের প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, সেই দেশ কী ভাবে রাষ্ট্রপুঞ্জের অন্যতম শক্তিশালী অঙ্গের দায়িত্ব নিতে পারে? বিস্ময় প্রকাশ করে তাঁদের বক্তব্য, প্রতিবেশী দেশ বেলারুশে পরমাণু অস্ত্র ঘাঁটি তৈরি করছে রাশিয়া, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ শুরুর পরিস্থিতি তৈরি করছে, একটানা পরমাণু যুদ্ধের হুমকি দিয়ে চলেছে, আর তারাই ক্ষমতায় আসছে!

 

ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্র কুলেবা টুইট করেছেন, ‘‘রাশিয়ার ১ এপ্রিল রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়া একটা বড় ধরনের বাজে মশকরা। ইতিমধ্যেই রাশিয়া জোর করে অনৈতিক ভাবে ওই আসন দখল করেছে। ওরা ঔপনিবেশিক যুদ্ধ শুরুর পরিস্থিতি তৈরি করছে। শিশুদের অপহরণের জন্য ওদের নেতাকে যুদ্ধাপরাধী ঘোষণা করেছে আইসিসি।’’ তিনি আরও লিখেছেন, ‘‘রাশিয়া নিরাপত্তা পরিষদের নেতৃত্বে, এতে বিশ্ব কখনওই নিরাপদ হবে না।’’ অপরদিকে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত নেবেনজ়িয়া বলেছেন, অস্ত্র নিয়ন্ত্রণসহ কয়েকটি বিষয়ে আলোচনায় বসতে চায় রাশিয়া। আমেরিকার নাম না-করে নেবেনজ়িয়া বলেছেন, ‘‘একমেরু পৃথিবীর বদলে একটা সুসংহত ভারসাম্যপূর্ণ পৃথিবী জরুরি।’’ এ নিয়েও আলোচনা চান তাঁরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন