
আন্তর্জাতিক ডেস্কঃজাতিসংঘ নিরাপত্তা পরিষদে সভাপতির দায়িত্ব পেয়েছে রাশিয়া। এপ্রিলজুড়ে এ দায়িত্ব পালন করবে দেশটি। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়া নিরাপত্তা পরিষদের সভাপতি হওয়ার বিষয়টিকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছেন এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী একে এপ্রিল ফুলের সবচেয়ে সেরা তামাশা বলে মন্তব্য করেছেন।
১৫ সদস্য বিশিষ্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্য দেশগুলো প্রতি মাসে পালাক্রমে সভাপতির দায়িত্ব পেয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবার নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পেলো রাশিয়া। এপ্রিলজুড়েই মস্কোর হাতে এ দায়িত্ব থাকবে। এর আগে, রাশিয়া শেষবার ২০২২ সালের ফেব্রুয়ারিতে সভাপতির দায়িত্ব পালন করেছিল। সে সময় ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিলো দেশটি। এবার রাশিয়া এমন সময় নিরাপত্তা পরিষদের দায়িত্ব গ্রহণ করলো যখন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।