
আন্তর্জাতিক ডেস্ক:আশ্চর্যজনকভাবে দিনে ১০ লাখ ব্যারেলেরও বেশি তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া ও সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলো। রপ্তানি করা দেশগুলোর এমন সিদ্ধান্তে এক লাফে ব্যারেল প্রতি তেলের দাম বেড়েছে পাঁচ ডলার।রোববার (২ এপ্রিল) এক ভার্চুয়ালি বৈঠক শেষে তেল রপ্তানি করা ২৩ দেশের সমন্বয়ে গঠিত ওপেক প্লাস উৎপাদন কমানোর ঘোষণা দেয়। এ ঘোষণার পরের দিনই সোমবার (৩ এপ্রিল) বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি সাত শতাংশ বেড়ে ৮৫ ডলার ছাড়িয়ে গেল।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গিয়েছিল। কিন্তু যখন দাম যুদ্ধের আগের অবস্থায় ফিরে আসল, তখনই ওপেক প্লাস এ সিদ্ধান্ত নিলো।ওপেক প্লাসের এ ঘোষণার পর পরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এরই মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬ ডলার বেড়ে ৮৫ দশমিক ৫৪ ডলার হয়েছে। ইউএস ক্রুডের দাম ৫ দশমিক ২২ ডলার বেড়ে হয়েছে ৮০ দশমিক ৮৯ ডলার।এদিকে বাজার স্থিতিশীল রাখতে রপ্তানিকারক দেশগুলোকে তেলের উৎপাদন বাড়ানোর আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।