
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারে জান্তাবিরোধী প্রতিরোধ বাহিনী ও সশস্ত্র জাতিগত গোষ্ঠী দেশটির সেনাবাহিনীর ওপর হামলা জোরদার করেছে। এতে গত চার দিনে দেশজুড়ে বিভিন্ন স্থানে হামলায় অন্তত ১১৪ জন জান্তা সেনা নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সংবাদমাধ্যম ইরাবতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও কারেন জাতিগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে সরকারের বর্ডার গার্ড ফোর্সেসের (বিজিএফ) ওপর একাধিক হামলা চালিয়েছে। কারেন রাজ্যের মিয়াবতী টাউনশিপে এই হামলা চালানো হয়।
কারেন ও চিন রাজ্যের সাগাইং, মান্দালয়, ম্যাগওয়ে এবং তানিন্থারি অঞ্চলেও সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে স্বতন্ত্রভাবে হতাহতের সংখ্যা যাচাই করতে পারেনি সংবাদমাদ্যমটি।বুধ (৫ এপ্রিল) ও বৃহস্পতিবার (৬ এপ্রিল) কারেন রাজ্যের মায়াওয়াদ্দি টাউনশিপে প্রতিরোধ বাহিনীর হামলায় ৮৫ জনেরও বেশি সেনা নিহত হয়েছেন। এখানে পিডিএফের সঙ্গে বেশ কয়েকটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে যোগ দেয়। সম্মিলিতভাবে তারা বিজিএফের অন্তত পাঁচটি ফাড়িতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে প্রতিরোধ বাহিনীর কমান্ডাররা।