
আন্তর্জাতিক ডেস্ক: অর্থোডক্স চার্চের পাম সানডে পালনের সময় ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি তার রাতের ভিডিও ভাষণে বলেছেন, সন্ত্রাসী রাষ্ট্র পাম সানডেকে এভাবেই চিহ্নিত করে। এভাবে রাশিয়া নিজেকে বিশ্ব থেকে আরও বেশি বিচ্ছিন্ন করে রেখেছে। ইউক্রেনের জরুরি পরিষেবাগুলো বলেছে, রাশিয়ান বাহিনী দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে। এতে ৫০ বছর বয়সী এক ব্যক্তি ও তার ১১ বছর বয়সী মেয়ে নিহত হয়েছে। নিহতের স্ত্রীকে ধ্বংসস্তূপের নিচে থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় জাপোরিঝিয়ায় ৭০ হাজার টন জ্বালানি ধ্বংস হয়ে গেছে। একইসঙ্গে জাপোরিঝিয়া এবং দোনেৎস্ক অঞ্চলে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও কামান সংরক্ষণের গুদামগুলো ধ্বংস হয়েছে। ইউক্রেনের ৪৩ মিলিয়ন লোকের বেশিরভাগই অর্থোডক্স খ্রিস্টান। তারা রোমান সম্রাট জুলিয়াস সিজারের করা জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করেন। যার অর্থ তারা পশ্চিমের সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের চেয়ে এক সপ্তাহ পরে ইস্টার সানডে উদযাপন করেন।